September 15, 2026, 4:43 pm

সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত

রাজনীতিবিদদের কাজ বক্তৃতা, সরকারি কর্মকর্তাদের কাজ চুরি ও কিছু কাজ করা: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
রাজনীতিবিদদের কাজ মূলত বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কিছু চুরি করা ও কিছু কাজ করা বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা।’

দুর্নীতি দমনের প্রসঙ্গে আব্দুল আউয়াল মিন্টু বলেন, সমাজ ও দেশের উন্নয়নের জন্য সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতি দমনও রয়েছে।

তিনি বলেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করব।’

এ সময় উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ধরেন, আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেব।’

দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, এটি প্রতিরোধে নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তার ভাষায়, ‘দুর্নীতি সবসময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব।’

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজের পরিবর্তন ঘটাতে হবে। ভবিষ্যতে দেশের ছেলে-মেয়েরা যাতে অর্থবহ জীবনযাপন করতে পারে, সে ধরনের সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা