September 15, 2026, 3:54 pm

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন সবচেয়ে বড় দায়িত্ব: মির্জা ফখরুল

বহু রক্তপাত ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখা এবং সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বর্তমান সময়ের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের লড়াই ও বহু মানুষের প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে দ্রুত পুনর্গঠনের কাজও সরকার চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশের গণতন্ত্রপন্থি মানুষকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল বলেন, ধ্বংসস্তূপ থেকে বারবার ঘুরে দাঁড়িয়ে সামনে এগিয়ে যাওয়াই এ দেশের মানুষের বৈশিষ্ট্য। গণতন্ত্রকে সুসংহত করতে সরকার ও বিরোধী দলের উভয়েরই প্রধান দায়িত্ব হচ্ছে সংসদকে কার্যকর রাখা। পাশাপাশি রাজনৈতিক মতপার্থক্য ও দ্বিমত আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

সিলেটের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভার সদস্যরা অত্যন্ত যোগ্য এবং তারা সিলেটের সমস্যাগুলো সমাধানে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশ পুনর্গঠনের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সত্যিকার অর্থেই বাসযোগ্য আবাসভূমি গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন অবহেলায় হারিয়ে না যায়।

এ সময় তিনি অর্জিত গণতান্ত্রিক পরিবেশ রক্ষা ও দেশ পুনর্গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা