September 13, 2026, 1:36 pm

আসিফ নজরুলের ছাগল নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিতর্কিত মন্তব্য

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, চুরি হওয়া ছাগল একটি খাওয়ার পর আরেকটিও খাওয়া উচিত ছিল।

এক বক্তব্যে পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুলের ছাগল একটা খাওয়া হয়েছে, দুইটাই খাওয়া উচিত ছিল। একটা না খাওয়াতে আমি তাদের ধিক্কার জানাচ্ছি, তারা আরেকটি খায়নি কেন।’

আসিফ নজরুলকে নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকার সময় আসিফ নজরুল সরকারি বাসভবনে গরু-ছাগল-মুরগি পালন শুরু করেছিলেন এবং সেখানে পুলিশের নিরাপত্তাও দেওয়া হয়েছিল।

পাটওয়ারী আরও বলেন, ‘যারা এটা (ছাগল) খেয়েছে, তাদের আরেকটা খাওয়া উচিত ছিল। আমাকে ফ্রেমিং করা হচ্ছে, কিন্তু আমার দোষ নাই এটাতে। যারা খেয়েছে তাদেরকে বলেছি, সামনে সুযোগ পেলে আরেকটা খেতে।’

এর আগে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে নিজের ছোট মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে কথা বলেন আসিফ নজরুল। তিনি ঘটনাটিকে তার জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা হিসেবে উল্লেখ করেন।

আসিফ নজরুল জানান, হেয়ার রোডের সরকারি বাসভবনে একা থাকার সময় সাড়ে ৯ বছর বয়সী মেয়ের সঙ্গী হিসেবে ছাগলটি কিনে দেওয়া হয়েছিল। পরে ছাগলটির সঙ্গে মেয়ের গভীর সখ্য গড়ে ওঠে। মেয়েটি স্কুলে যাওয়ার পর ছাগলটি তার ফেরার অপেক্ষায় থাকত এবং ফিরে এলে তার সঙ্গে খেলত। এমনকি মেয়ের ফোনের ওয়ালপেপারেও ছাগলটির সঙ্গে তার ছবি ছিল।

ছাগলটি চুরি যাওয়ার পর মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে বলে জানান আসিফ নজরুল। কাঁদতে কাঁদতে বমি করা এবং প্রায় দেড় দিন খাবার না খেয়ে অসুস্থ হয়ে পড়ার কথাও উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুলের ভাষ্য, ঘটনাটি রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে প্রচার করা হলেও প্রকৃতপক্ষে মজা করার উদ্দেশ্যেই ছাগলটি নিয়ে যাওয়া হয়েছিল। তবে একটি শিশুর পোষা প্রাণী চুরি করে খেয়ে ফেলার ঘটনাকে তিনি নির্মম ও অমানবিক বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ছাত্রনেতাদের সঙ্গে রাজনৈতিক বিরোধ বা প্রতিবাদের অংশ হিসেবে ছাগলটি চুরি করে খাওয়ার যে কথা বলা হয়েছিল, তা সঠিক নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের শেষ দিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা থাকাকালে হেয়ার রোডের সরকারি বাংলো থেকে আসিফ নজরুলের ছোট মেয়ের পোষা ছাগল নিখোঁজের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা