আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির সুযোগ পুনরায় চালুর দাবি জানিয়েছে কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) পাঠানো ওই চিঠিতে ভারতের মৎস্য আমদানিকারকরা জানান, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে তারা নিয়মিত বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছেন। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে তারা এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। খবর এএনআইয়ের।
চিঠিতে বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর মাত্র এক মাসের জন্য বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। তবে আমদানিকারকদের মতে, এ ধরনের সীমিত সময়ের অনুমতি তাদের ব্যবসায়িক চাহিদা পূরণে যথেষ্ট নয়।
ভারতের আমদানিকারক সংগঠনটি চিঠিতে দুই বাংলার অভিন্ন ভাষা, সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্যের কথাও তুলে ধরে। তাদের দাবি, পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও ত্রিপুরার মানুষের কাছেও পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয়।
এ অবস্থায় বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: এএনআই