বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কথার লড়াইয়ে আবারও জড়িয়েছেন স্টিভেন স্মিথ। এই ঘটনায় আম্পায়ারদের কাছ থেকে সতর্কবার্তা পেয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ রিভিউ নেওয়া নিয়ে আলোচনা করছিলেন, তখন স্মিথ তাদের রিভিউ নিতে উৎসাহ দেন।
অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের নবম ওভারে তাসকিনের বল স্মিথের প্যাডে লাগলে বাংলাদেশ জোরালো আবেদন করে। আম্পায়ার নীতিন মেনন আবেদন নাকচ করার পর রিভিউ নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। শান্ত ও তাসকিনের মধ্যে আলোচনা চলাকালীন স্মিথ বলেন, ‘নিয়ে নাও।’
এরপর দুই আম্পায়ার স্মিথকে সতর্ক করেন। স্মিথ কিছুটা বিস্মিত হয়ে মাথা নাড়েন। ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার ব্রেন্ডন জুলিয়ান বলেন, ‘এক্ষেত্রে আম্পায়ারদের ভূমিকা যথার্থ।’
এর আগে ডারউইন টেস্টেও লিটন দাসের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন স্মিথ। ওই সময় স্মিথ বলেন, ‘(রিভিউ) ব্যবহার করো। করো। নাও, ব্যবহার করো…।’ লিটন তখন জবাব দেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করে যাও।’