August 22, 2026, 12:47 pm

পশ্চিম সুন্দরবনে বন অপরাধে আটক ৪৬, জব্দ ৩০ কেজি হরিণের মাংস

পশ্চিম সুন্দরবনে বন অপরাধে আটক ৪৬, জব্দ ৩০ কেজি হরিণের মাংস

পশ্চিম সুন্দরবনে গত দুই মাসে বন অপরাধের ঘটনায় ৪৬ জনকে আটক করেছে বন বিভাগ। এ সময় ১০৮টি অভিযান পরিচালনা করে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ৩০ কেজি হরিণের মাংসসহ দেড় হাজার মিটার হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে গত জুন ও জুলাই মাসে এসব অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন ধরনের বন অপরাধের সাথে জড়িত ৪৬ জন রয়েছেন। ৮৯টি মামলার মধ্যে পি ও আর মামলা ১৯টি, ইউ ডি ও আর মামলা ৬৯টি এবং সি ও আর মামলা একটি।

অভিযানে ৮৯টি নৌকা ও তিনটি ট্রলার জব্দ করা হয়েছে। এছাড়া ৫৩টি মাছ ধরার জাল, ৪৭ বোতল বিষ, এক হাজার ২০০ কেজি কাঁকড়া, ৬১০ কেজি চিংড়ি, ১৮৫ কেজি সাদা মাছ এবং ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। হরিণ শিকারে ব্যবহৃত দেড় হাজার মিটার মালা ফাঁদও উদ্ধার করা হয়েছে।

বন বিভাগ জানায়, ২০২৫ সালের একই সময়ে ১১০টি অভিযান চালিয়ে ৪৭ জনকে আটক করা হয়েছিল এবং ৮২টি মামলা দায়ের করা হয়েছিল। গত বছরের একই সময়ে ৯৭টি নৌকা, চারটি ট্রলার, ৭১টি মাছ ধরার জাল, ৪৪ বোতল বিষ, দুই হাজার ২০০ কেজি কাঁকড়া, ৯৯৩ কেজি শুঁটকি, ৭৪০ কেজি চিংড়ি, ২১০ কেজি সাদা মাছ এবং ৩২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছিল।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর বন অপরাধ কিছুটা কমেছে। তিনি জানান, অবৈধ প্রবেশ, মাছ ধরা ও বন্যপ্রাণী শিকার রোধে বনরক্ষীরা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা