August 21, 2026, 6:05 am

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচগিয়ার উদ্ধার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (২০আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীর সদর কোম্পানির একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদক কারবারের একটি চক্রের কয়েকজন সদস্য দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি চালিয়ে ব্রিজের পাশের ঝোপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, ওই স্থানটি দীর্ঘদিন ধরে ছিনতাই ও মাদক কেনাবেচার আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া আলামত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র‍্যাব-১১ এর পক্ষ থেকে বলা হয়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা