August 16, 2026, 8:19 am

গজারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ২৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও আড়াই হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের কঠোর তদারকিতে জেলাজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে  শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গজারিয়া থানাধীন লস্করদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। আক্তার হোসেনের জায়গায় ভাড়াটিয়া মোঃ সাকিবুল হাসানের ভাড়া গ্যারেজের সামনের ফাঁকা জায়গা থেকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবাসহ সাকিবুল হাসানকে (২৭) গ্রেফতার করা হয়। তিনি লস্করদী মধ্যপাড়া এলাকার মোঃ মনির হোসেনের ছেলে।

পরে সাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গজারিয়া থানাধীন পোড়াচক বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পশ্চিম পাশে সালমানের দোকানের সামনে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। এ সময় ১৭০০ পিস ইয়াবাসহ মোঃ মতিনকে (৫৫) গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার দক্ষিণ সতান্দী এলাকার মৃত ধনু মিয়া বেপারীর ছেলে। পুলিশ জানায়, গ্রেফতার মতিনের বিরুদ্ধে ইতিপূর্বে আরও তিনটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা