সাভারে পুলিশের ধাওয়ার মুখে ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারের একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু ঘটে।
নিহত মনোয়ারুল হোসেন বকশী সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের গার্ড জাফরের ছেলে এবং সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। পুলিশ জানায়, রংপুর জেলার পীরগঞ্জ থানা থেকে প্রেমের সম্পর্কের জেরে শাহারিয়ার কবির সৌমি নামে এক ছেলে মিম নামের অপর একটি মেয়েকে নিয়ে সাভারে মামার বাসায় পালিয়ে আসে। এ ঘটনায় মেয়ের পরিবার পীরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তারা সাভার মডেল থানায় আসে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মনোয়ারুল ছাদে পালাতে যান। এসময় পুলিশও তার পিছু নিয়ে ছাদে খুঁজতে যায়। পরে হঠাৎ মনোয়ারুল হোসেন বকশী পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা জানান, পুলিশ ওই বাসায় অভিযান চালানোর সময় মনোয়ারুল ছাদ থেকে পড়ে যান এবং পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়।
মনোয়ারুলকে আহত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।