জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় ১১ দলীয় জোট আয়োজিত সমাবেশে বলেন, দেশে ‘নতুন হেলমেট বাহিনীর’ আগমন হয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমানে চাঁদাবাজি ও কমিশন-বাণিজ্য বেড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।
সমাবেশে তুহিন বলেন, ‘দুই বছর আগে আমরা এ দেশ থেকে হেলমেট বাহিনীকে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এখন নতুন হেলমেট বাহিনীর আগমন হয়েছে।’ তিনি বিএনপির নেতাদের বিরুদ্ধে শেখ হাসিনার কটূক্তির প্রসঙ্গ তুলে বলেন, তখন তাদের কোনো কার্যকর প্রতিবাদ দেখা যায়নি।
তিনি আরও অভিযোগ করেন, ‘এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে।’ তুহিন হাসপাতালের ওপর হামলার ঘটনা ফিলিস্তিন ও ইরানের উদাহরণ দিয়ে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে দেশের জনগণ একদিন শেখ হাসিনার মতো আন্দোলনের মাধ্যমে বিদায় করুক।’
সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা হেমায়েত উদ্দীন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেন, শুক্তাগড় ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলীম, গালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিলন গাজী এবং এনসিপির রাজাপুর উপজেলা আহ্বায়ক শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
এ সমাবেশের আয়োজন করা হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতিফলন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে।