July 27, 2026, 6:02 pm

জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা, সন্দেহভাজনকে গুলি করে হত্যা

জার্মানির রাজধানী বার্লিনে সমকামী অধিকারকর্মীদের ‘বার্লিন প্রাইড’ মিছিলে গাড়ি চালিয়ে হামলা করা হয়। শোভাযাত্রাটি ক্রিস্টোফার স্ট্রিট ডে প্রাইড শোভাযাত্রা নামেও পরিচিত। সন্দেহভাজন যুবক আবদুল বাল্লাউত ওরফে আবদুল বি-কে গুলি করে হত্যা করেছে বার্লিন পুলিশ। রোববার (২৬ জুলাই) বার্লিনের উপশহর স্পান্দাও-তে নিহত হয়েছেন আবদুল।
শনিবার (২৫ জুলাই) স্থানীয় সময় রাত ১০টায় বার্লিনের টিয়ারগার্টেন পার্কের কাছে সমকামীদের মিছিল বার্লিন প্রাইডে গাড়ি হামলার ঘটনা ঘটে, এতে একজন নারী নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হন । এই ২৯ জনের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।
বার্লিন পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতি থেকে জানা যায়, ২১ বছর বয়সী আবদুল ধরা পড়ার পর তাকে প্রথমে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তিনি ছুরি হাতে আক্রমণের জন্য ছুটে এলে পুলিশ গুলি করতে বাধ্য হয়। এতে আবদুল ঘটনাস্থলেই নিহত হন।
বার্লিনের মেয়র কাই ভেগনার এ ঘটনাকে ‘স্বাধীন ও উদার সমাজের ওপর একটি আক্রমণ’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বার্লিন স্বাধীনতার শহর এবং আজ আমাদের সেই স্বাধীনতার ওপর সবচেয়ে ভয়াবহ উপায়ে আঘাত হানা হয়েছে।’
হামলার প্রধান এবং একমাত্র সন্দেহভাজন আসামি ছিলেন লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক আবদুল বাল্লাউত ওরফে আবদুল বি। পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও গ্রেপ্তার হওয়ার রেকর্ড আছে আবদুলের।
হামলার পরে বার্লিন ও তার আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ হেলিকপ্টার এবং থার্মাল-ইমেজিং ক্যামেরা ব্যবহার করছে বলে পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন। অভিযান শুরুর ১২ ঘণ্টার মধ্যেই নিহত হন আবদুল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা