রাজধানীর মিরপুরে যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজ হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) কাফরুল থানায় নিহতের ভাই মামলাটি করেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর ই-ব্লকের ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাত চার থেকে পাঁচজন দুর্বৃত্ত ইউসুফ আলীসহ কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুলিবিদ্ধ হন।
পরে স্বজনরা তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল।
এ ঘটনায় গুলিবিদ্ধ নালাম সরদার ও মনির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, নালাম সরদারের মাথার ডান পাশে এবং মনির হোসেনের বাম পায়ে গুলি লেগেছে।
পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনার পর স্থানীয়দের হাতে আটক হওয়া এক অস্ত্রধারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।