গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন–সংক্রান্ত এক মামলায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এই অভিযান চালায়। এ সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকার রাকিব হোসেন (২৫), সুমিলপাড়া বিহারী কলোনীর হানিফ (৪০) এবং নিমাইকাশারী এলাকার জাকির হোসেন (৬০)।
অন্যদিকে বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন নুরবাগ এলাকার সাইফুল ইসলাম রাহুল (২৫) ও আব্দুল্লাহ আল মামুন (৩৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তার সবাইকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।