নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফিক (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার রাত আনুমানিক ১১টার দিকে চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রফিকের ভাগিনার দাবি, তার মামা মাকসুদ পরিবহনের একটি অটোরিকশা চালাতেন। ঘটনার সময় অটোরিকশায় একজন নারী যাত্রী ছিলেন।
প্রাইভেট কারের সঙ্গে সামান্য সংঘর্ষের পর কথা-কাটাকাটির এক পর্যায়ে রফিক নামে একজনকে ঘুষি মারা হয়। ঘুষির আঘাতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।
ভাগিনা আরও জানান, রফিকের মাথা ও নাকে আঘাতের চিহ্ন ছিল এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে তাকে দ্রুত খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নাঈমের গ্যারেজ থেকে অটোরিকশা চালাতেন বলে পরিবারের সদস্যরা জানান।
চিটাগাং রোড মাইক্রোস্ট্যান্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মাহমুদ বলেন, “আমাদের স্ট্যান্ডের একজন চালক নাদিম (৫০), যার বাড়ি আদমজী বিহারীপট্টি এলাকায়। কী কারণে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।”
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।