August 13, 2026, 7:52 am

শিক্ষার্থীর উত্তরপত্রে শিক্ষককে ‘বাবা’ ডাকায় আলোচনা-সমালোচনা

শিক্ষার্থীর উত্তরপত্রে শিক্ষককে ‘বাবা’ ডাকায় আলোচনা-সমালোচনা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী পরীক্ষার উত্তরপত্রে শিক্ষককে ‘বাবা’ ডাকলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। উত্তরপত্রের ছবি প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের এক শিক্ষক নিজের ফেসবুক আইডিতে ওই উত্তরপত্রের ছবি শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, ‘আমার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর অবস্থা দেখুন।’ উত্তরপত্রে দেখা যায়, শিক্ষার্থী প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরিবর্তে অসংলগ্ন ও ভুল বানানে বিভিন্ন বাক্য লিখেছে এবং নম্বর পাওয়ার আশায় শিক্ষককে ‘বাবা’ সম্বোধন করে নম্বর দেওয়ার অনুরোধ জানায়।

এই ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ শিক্ষার্থীর ভাষাগত দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ বলেছেন, এটি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার মানের প্রতিফলন।

হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ ন ম হাসান বলেন, একটি উত্তরপত্র দেখে পুরো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন করা ঠিক হবে না। তবে এমন ঘটনা উদ্বেগের বিষয়। শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়াতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিদ্যালয়ের ওই শিক্ষক জানান, উত্তরপত্রটি শিক্ষার বর্তমান বাস্তবতা তুলে ধরার উদ্দেশ্যে শেয়ার করেছেন। তিনি বলেন, ‘কাউকে হেয় করা আমার উদ্দেশ্য ছিল না। শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা