July 7, 2026, 8:26 am

নারায়ণগঞ্জে অটোরিক্সা চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকায় নিখোঁজের ছয়দিন পর খুন হওয়া অটোরিক্সা চালক মাসুদ রানা হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
গত ৫ জুলাই বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ঢাকেশ্বরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি দল মোঃ জুম্মান (২৪) নামের আসামিকে গ্রেফতার করে। তিনি বন্দর থানার রাম নগর এলাকার মোঃ মনির হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুন দুপুর ১২টার দিকে বন্দর থানার সোনাচরা এলাকার নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন অটোরিক্সা চালক মাসুদ রানা (৩৫)। রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে গত ৪ জুলাই সকাল ১০টার দিকে ঢাকেশ্বরী এলাকায় বিল্লাল নামের এক ব্যক্তির চায়ের দোকানের পেছনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ওই এলাকায় মাদক বেচাকেনা ও চুরি-ডাকাতিকে কেন্দ্র করে ভুক্তভোগীর সঙ্গে কয়েকজন মাদক ব্যবসায়ীর বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ২৯ জুন দুপুর থেকে ৪ জুলাই সকালের মধ্যে যেকোনো সময় আসামিরা ভুক্তভোগীকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা