August 26, 2026, 11:36 am

কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা

কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা

ঝিনাইদহের কোটচাঁদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বরাদ্দকৃত বাইসাইকেল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম জালিয়াতির মাধ্যমে একটি বাইসাইকেল নিজের নামে তুলে নিয়ে তা তার নাতিকে দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য মতিয়ার রহমানের নির্দেশে বাইসাইকেলটি ফেরত দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর কামিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র সাইমুন ইসলামের নামে বরাদ্দকৃত বাইসাইকেলটি মাওলানা তাজুল ইসলাম নিজে সই করে তুলে নেন। সাইমুন ইসলাম অভিযোগ করেছেন, তার নামের বাইসাইকেলটি তাকে না দিয়ে জামায়াত নেতার কাছে চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বাইসাইকেলটি ফেরত দেওয়া হয়।

মাওলানা তাজুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বাইসাইকেলটি তার প্রতিবেশী এক ছেলেকে দেওয়া হয়েছে। তবে স্থানীয় বিএনপি নেতা সালাউদ্দিন বুলবুল সিডল বলেন, সরকারি বরাদ্দের মালামাল এভাবে ভাগাভাগি করা দুঃখজনক। তিনি প্রশাসনের কাছে তদন্তের দাবি জানান।

কোটচাঁদপুরের ইউএনও দীপা রানী সরকার বলেন, বাইসাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগের পর স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে বাইসাইকেলটি ফেরত আনা হয়েছে এবং এটি নতুন করে প্রকৃত উপকারভোগীর মাঝে বিতরণ করা হবে। তিনি আরও জানান, অন্যান্য বরাদ্দের বিতরণেও অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা