লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত সংলগ্ন এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কার্যক্রমে বাধা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় বিএসএফ সদস্যরা খুঁটি স্থাপনের উদ্যোগ নিলে বিষয়টি নজরে আসে বিজিবির। পরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই বাহিনীর সদস্যদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় নীতিমালা অনুসরণ করেই তারা দায়িত্ব পালন করছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থবিরোধী কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়।
ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।