May 17, 2026, 5:35 am

জাবিতে ধর্ষণচেষ্টা: বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে তালা দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন তারা। এরপর সংবাদ সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের দুটি দরজার তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

এর আগে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তারে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে শুক্রবার দিবাগত রাতে প্রক্টরের পদত্যাগ দাবিতে রাতভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি জানান।

এদিন রাতে টারজান চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান নেন, বিক্ষোভ দেখান।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন্নেছা হল সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা