মোহাম্মদ আসাদ, স্টাফ রিপোর্টার।
জামালপুরের বকশীগঞ্জ ধানুয়া কামালপুর স্থলবন্দরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ ১৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদল সভাপতি মোশাররফ ও কৃষক দল সভাপতি আল আমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী গোলাম মোহাম্মদ পলাশ (৪৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, গোলাম মোহাম্মদ পলাশ ধানুয়া কামালপুর স্থলবন্দরের নিয়মিত আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম “মের্সাস পিএম ট্রেডার্স”। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য।
বাদীর অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবদল ও কৃষক দল নেতারা তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে কামালপুর স্থলবন্দরে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং প্রতিষ্ঠানে থাকা নগদ ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী আরও দাবি করেন, অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগের পর এলাকাবাসীর কাছে বলে বেড়াচ্ছে সুযোগ পেলে তারা পুনরায় হামলা চালাবে এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে মালামাল লুট করবে। এমনকি তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় নিজের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাদী।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে , অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।