লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকায় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ধরলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৭৩/১৫-এস বরাবর শূন্য লাইনের কাছে কয়েকজন নারী ঘাস কাটাকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে বাক-বিতণ্ডা ও সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ভারতের ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ’র নালংগিবাড়ী ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পেশাদারিত্ব, ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষের স্থানীয়দের শান্ত করে সীমান্ত এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দায়িত্ব পালন করে আসছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবিকে সহযোগিতা করছে, যা সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।