গাজী সোহেল :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বাহিনীটি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৫ মে রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়া খেলার সঙ্গে জড়িত দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নারায়ণগঞ্জ সদর এলাকার বিভিন্ন স্থানে জুয়া কার্যক্রম বেড়ে যাওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল। এতে স্থানীয় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে এবং অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অপরাধে জড়িয়ে পড়ছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
অভিযানকালে রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে চাষাড়া মোড় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনলাইন জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—
মোঃ আবুল হাসান (২৯), পিতা: আবুল হাসেম, মাতা: শাহনাজ বেগম; স্থায়ী ঠিকানা: দেবিদ্বার, কুমিল্লা।
মোঃ সাকিব হোসেন (২৩), পিতা: মৃত ইসমাইল হোসেন, মাতা: মোছাঃ রাজিয়া বেগম; ঠিকানা: সদর, নারায়ণগঞ্জ।
অভিযান শেষে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের অপরাধ দমনে র্যাবের উদ্যোগকে স্বাগত জানান।
র্যাব-১১ জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।