May 3, 2026, 9:46 am

রূপগঞ্জে সিরিজ ডাকাতি মামলায় আরও ১ আসামি গ্রেফতার

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংঘটিত আলোচিত সিরিজ ডাকাতির ঘটনার চার বছর পর আরও এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই জানায়, ২০২২ সালের এপ্রিল মাসে রূপগঞ্জ থানার কাঞ্চন বাড়ৈই পাড়া এলাকায় একাধিক বাসায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ দলের সক্রিয় সদস্য মো. আজিজুল হক ভূইয়া (৪২) ওরফে আজিজুল/আজুলকে গত ৩০ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে রূপগঞ্জের বরপা উত্তরপাড়া বালুর মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধান এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদের নির্দেশনায় এসআই (নিঃ) মফিজুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য হিসেবে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরবর্তীতে ২ মে ২০২৬ তিনি আদালতে স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ এপ্রিল গভীর রাতে ফারুক হাসান, খায়রুল বাশার ও তমিজ উদ্দিনের বাড়িতে ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। ডাকাতরা অস্ত্রের মুখে বাসার সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে এবং বাধা দিলে কয়েকজনকে গুরুতর আহত করে। এ সময় গুলিবিদ্ধ হন এক ব্যক্তি।
একই রাতে পাশের আরও দুটি বাড়িতেও ডাকাতি সংঘটিত হয়। তিনটি বাড়ি থেকে সর্বমোট প্রায় ২০ লাখ ৬০ হাজার টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-৩৮, তারিখ: ১০/০৪/২০২২; ধারা: ৩৯৫/৩৯৭ পেনাল কোড)। পরবর্তীতে ২০২৩ সালের ৬ মার্চ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় মামলার তদন্তভার পিবিআই নারায়ণগঞ্জ জেলায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এর আগে একই মামলায় আরেক আসামি হোসেন মিয়াকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়। সেও আদালতে স্বীকারোক্তি দিয়েছিল।
পিবিআই জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা