June 28, 2026, 10:21 pm

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে পাম্পে ট্যাগ কর্মকর্তা, নির্ধারিত হলো দায়িত্ব

দেশজুড়ে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট কর্মপরিধি নির্ধারণ করেছে সরকার। রোববার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার প্রতিটি ফিলিং স্টেশন তদারকিতে একজন করে ট্যাগ কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল সরবরাহে অস্থিরতা, পাম্পে দীর্ঘ লাইন এবং কৃত্রিম সংকটের অভিযোগের প্রেক্ষাপটে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্যাগ কর্মকর্তারা জ্বালানি তেল গ্রহণ, মজুত, বিক্রি ও সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করবেন।

ট্যাগ কর্মকর্তাদের দায়িত্ব:

প্রতিদিন পাম্পের প্রারম্ভিক ও সমাপনী জ্বালানি মজুত রেকর্ড করা
ডিপো থেকে সরবরাহকৃত তেল উপস্থিত থেকে গ্রহণ ও চালানের সঙ্গে মিলিয়ে দেখা
ডিপ-স্টিক দিয়ে তেলের পরিমাণ নিশ্চিত করা
দৈনিক গ্রহণ ও বিক্রির হিসাব রেজিস্টারে সঠিকভাবে লিপিবদ্ধ হচ্ছে কি না তদারকি
ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিং ও বিক্রয়ের সামঞ্জস্য যাচাই
মেশিনের পরিমাপ সঠিক রয়েছে কি না নিয়মিত পরীক্ষা
অনুমোদিত মজুত সক্ষমতা ও বাস্তব মজুত যাচাই
পাম্প এলাকায় অননুমোদিত ট্যাংক বা স্থাপনা আছে কি না পরীক্ষা
ডিপো থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ রাখা
ডিপো, ট্যাংকার ও পাম্পের তথ্য সমন্বিতভাবে পর্যবেক্ষণ
দিনে অন্তত তিনবার স্টক হালনাগাদ নিশ্চিত করা
ডিপো থেকে তেল আনার এক ঘণ্টার মধ্যে বিক্রি শুরু নিশ্চিত করা
জিও-ট্যাগযুক্ত প্রমাণসহ নিয়মিত প্রতিবেদন দাখিল

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, অনিয়ম প্রতিরোধ এবং ভোক্তা পর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা