April 3, 2026, 5:55 pm

জামায়াতের বক্তব্য নিয়ে চীনা দূতাবাসের উদ্বেগ

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস গত মঙ্গলবার ঢাকা-১৫ আসনে এক হাজারের বেশি মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে। তবে এ কর্মসূচিকে ‘যৌথ উদ্যোগ’ হিসেবে উল্লেখ করাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে জামায়াতে ইসলামীর কিছু পোস্টে উদ্বেগ জানিয়েছে দূতাবাস।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দূতাবাসের কর্মকর্তারা। তবে বিতর্কের সূত্রপাত হয় জামায়াতের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

মঙ্গলবার রাত ১১টা ৫ মিনিটে চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রদূত সকালে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু এ বিষয়ে সামাজিক মাধ্যমে প্রচারিত কিছু তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে তারা উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে দূতাবাস বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ নীতির কথা পুনর্ব্যক্ত করে এবং নির্বাচিত সরকারের প্রতি সমর্থনের বিষয়টি জোর দিয়ে তুলে ধরে। দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশের সরকারের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও জানানো হয়।

এর আগে বিকেল ৪টা ৪ মিনিটে জামায়াতে ইসলামী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করে, মিরপুর-১০-এর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন দলের আমির শফিকুর রহমান ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

পরবর্তীতে একই বিষয়ে রাত ১০টা ১৬ মিনিট, ১০টা ৩৪ মিনিট এবং ১১টা ২৩ মিনিটে আরও কয়েকটি পোস্ট দেয় দলটি। পরবর্তী পোস্টগুলোতে ‘যৌথ উদ্যোগ’ উল্লেখ না করে জানানো হয়, চীনা দূতাবাসের পক্ষ থেকে ঢাকা-১৫ এলাকার মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে, যেখানে শফিকুর রহমানের উপস্থিতিতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৪টায় চীনা দূতাবাস তাদের ফেসবুক পেজে জানায়, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বাসিন্দাদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং এতে হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগী অংশীদার এবং এ ধরনের উদ্যোগের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার হবে।

অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান চীনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এ ধরনের সহায়তা বাংলাদেশের জনগণের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।

উল্লেখ্য, এর আগেও গত বছর গাজীপুরে কম্বল বিতরণের এক অনুষ্ঠানে জামায়াতের আমির ও চীনা রাষ্ট্রদূত একসঙ্গে উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা