April 23, 2026, 12:02 am

লালমনিরহাট সীমান্তে আবারও গুলিবিদ্ধ মাদক চোরাকারবারী যুবক।

মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারী সীমান্ত এলাকায় পুনরায় গুলিবিদ্ধ হয়েছেন এক বাংলাদেশি যুবক।
আহত ওই যুবকের নাম মো. রনি (২২)। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গোতামারী এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে মাদক বহনকারী হিসেবে পরিচিত বলে দাবি করেছে বিজিবি।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, দৈখাওয়া বিওপির একটি টহলদল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। এরপর টহলদল সীমান্ত পিলার নং ৯০২–এর কাছে গিয়ে দেখতে পায় কয়েকজন লোক ছোটাছুটি করছে এবং গুলিবিদ্ধ একজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। পরে আহত রনিকে বিজিবির তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ ইং রনি বিএসএফের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন এবং এরপর থেকে আত্মগোপনে ছিলেন। তার বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী গেলেও পরিবার প্রথমে তার উপস্থিতির কথা অস্বীকার করে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে রনির বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “বারবার সতর্ক করা সত্ত্বেও সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক।” তিনি সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা