গাজী সোহেল ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি। ধারাবাহিক এ কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি এর একটি দল বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াপদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালের পাশে একটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী ব্যাগটি তল্লাশি করে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব গুলি জব্দ তালিকা মূলে জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।