January 14, 2026, 8:34 pm

লালমনিরহাট থেকে আলোচিত সিয়াম হ/ত্যা মামলার আসামি গ্রেপ্তার।

মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিহাট জেলা প্রতিনিধি:

আলোচিত কলেজ শিক্ষার্থী সিয়াম হ/ত্যার ঘটনায় শুভ সিকদার নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার, ২ জানুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শুভ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিপড়াখালী গ্রামের জালাল সিকদারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১৩ রংপুরের একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সাইমন ইসলাম সিয়াম গত ১৮ ডিসেম্বর ঢাকা থেকে পটুয়াখালীর মাদারবুনিয়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল। এরপর ২৩ ডিসেম্বর দুপুরে সিয়াম তার খালাত ভাই মামুনকে সাথে নিয়ে সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশে বালুর মাঠে ঘুরতে যায়।

সেখানে অভিযুক্তরা তাদের গতিরোধ করে এবং তর্কের একপর্যায়ে লাঠি দিয়ে সিয়াম ও মামুনের মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করে। সিয়াম গুরুতর আহত হলে হামলাকারীরা নিজেদের মোটরসাইকেলে করে তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়।

ওইদিন বিকেল পৌনে ৪টায় কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃ/ত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পিতা জুয়েল তালুকদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

​পুলিশ সূত্র জানায়, হ/ত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এর আগে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে রাইয়ান ও রাশেদ নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। সবশেষ বৃহস্পতিবার রাতে লালমনিরহাট থেকে শুভকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা