এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়ায় এ জেলায় তাঁর শেষ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সকল সদস্য উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ১০ মাস ২দিনের কর্মদিবসের সমাপ্তি করেন। এ সময়ে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে জেলা পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার’সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলার সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল হাসপাতালগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, প্রতিবন্ধী সেবা ও সহায়তা প্রদান, ভোটার তালিকা হালনাগাদ ও জন্ম-মৃত্যু নিবন্ধন জোরদার করা, জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ এবং মৎস্যচাষে জনগণের আগ্রহ সৃষ্টির বিষয়।
সভায় জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া বলেন, “আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক নাগরিক দায়িত্বশীল ও সমাজের প্রতি সচেতন থাকবে। দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন সবাই নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করবে।”
সবশেষে জেলা প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “প্রত্যেকে যেন নিজ দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে পালন করেন। জনগণের কাঙ্ক্ষিত সেবা সহজে দিতে হবে, কোনো ধরনের বিলম্ব বা তালবাহানা গ্রহণযোগ্য নয়। আমাদের সৎ, মানবিক ও দায়িত্বশীল হতে হবে—রাষ্ট্রের উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য।”