November 23, 2026, 3:24 pm

ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার জনগণের: চীন

 বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন অটল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ নিজেদের দেশের বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার রাখে। চীন বাংলাদেশের সেই অধিকারকে সম্মান করে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ১০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ব্লু পেপারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

লিউ ইউইন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করবে বেইজিং।

তিনি বলেন, চীন কোনো দেশের ওপর নিজেদের উন্নয়ন মডেল চাপিয়ে দিতে চায় না। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও কোনো রাজনৈতিক শর্ত আরোপ করে না দেশটি। পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও উভয় পক্ষের স্বার্থকে গুরুত্ব দিয়ে সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীন।

চীনের এই কূটনীতিক আরও বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। বরং অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা ও সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগকেও স্বাগত জানায় বেইজিং।

বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে তিনি জানান, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে বিআরআই সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর ২০১৬ সালে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে থাকা দুই দেশের সম্পর্ক ২০২৪ সালে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত হয়।

ভবিষ্যৎ সহযোগিতার পরিকল্পনা তুলে ধরে লিউ ইউইন বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ডিজিটাল যোগাযোগ, পরিবেশবান্ধব উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সহযোগিতা বাড়াতে চায় চীন।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দশকে আরও জোরদার হবে। পাশাপাশি এই সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা