নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারবিরোধী স্লোগান, মিছিল ও একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়। এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় মৌচাক ইউটার্ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি স্টার পরিবহনের এ বাসটিতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মৌচাক ইউটার্ন এলাকায় একত্রিত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, ওই ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন। একপর্যায়ে মহাসড়কের পাশে থাকা ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২ নম্বরের বাসটিতে আগুন দেওয়া হয়।
মামলায় এজাহারে উল্লেখিত মামলার আসামিরা হলেন, মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটন গুজা, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শান্ত, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সালাহ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সিদ্ধিরগঞ্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক আগামীর সময়কে জানিয়েছেন, গভীর রাতে মহাসড়কে নাশকতা ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এজাহারে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।