November 19, 2026, 8:35 pm

গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাড়ি ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও হয়রানির অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও গ্রাহকের আর্থিক ক্ষতির অভিযোগ এনে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূঁইয়া অটোসের স্বত্বাধিকারী মোঃ ইলিয়াছ ভূঁইয়া।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই ২০২৬ তারিখে সাইফুল ইসলাম নিজেকে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় দিয়ে একটি সিলভার রঙের প্রাইভেটকার বিক্রির প্রস্তাব দেন। পরে ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে গাড়িটি ক্রয় করেন ইলিয়াছ ভূঁইয়া। তবে গাড়ির মালিকানা পরিবর্তন করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘদিনেও তা সম্পন্ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে গত ২ আগস্ট গাড়িটি মোঃ রিপন ভূঁইয়ার কাছে বিক্রি করেন ইলিয়াছ। গ্রাহককে গাড়ির মালিকানা হস্তান্তরের আশ্বাস দেওয়া হয়। অভিযোগে বলা হয়, গত ১৫ নভেম্বর সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলে তিনি ১৭ নভেম্বর মিরপুর বিআরটিএ অফিসে যাওয়ার কথা বলেন। এ সময় নামজারি বা মালিকানা পরিবর্তনের খরচ বাবদ ৩৭ হাজার টাকা গ্রহণ করেন তিনি।

কিন্তু অভিযোগ অনুযায়ী, ১৭ নভেম্বর গ্রাহক মিরপুর বিআরটিএ অফিসে গিয়ে সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে কয়েকজন ব্যক্তি এসে দাবি করেন, গাড়িটি নাকি সাইফুল ইসলামের কাছে ভাড়া দেওয়া হয়েছিল এবং মালিকের অনুমতি ছাড়া গাড়িটি বিক্রি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গাড়িটি থানায় সোপর্দ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইলিয়াছ ভূঁইয়ার দাবি, গাড়িটি ক্রয় ও বিক্রয়ের পুরো প্রক্রিয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি তার গ্রাহকও ভোগান্তিতে পড়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা করেও সহযোগিতা না পেয়ে উল্টো হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় সাইফুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ ও গাড়ি আত্মসাতের উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে কাজ করার সন্দেহ প্রকাশ করেছেন অভিযোগকারী।

গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মোঃ ইলিয়াছ ভূঁইয়া।

বিশেষ প্রতিনিধি:আবুল হোসেন সিকদার

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা