November 18, 2026, 7:11 pm

রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা

কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা দিদারুল আলমকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া দিদারুল আলম (৩৪) ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় জাবেদ আলমের ছেলে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দিদারুলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিদারুলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে একদল নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন। তাঁকে গ্রেপ্তারে এলাকায় অভিযান চলছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মঙ্গলবার রাতে অন্তত ছয় সদস্যের পুলিশের একটি দল একটি বাড়িতে অভিযান চালিয়ে দিদারুলকে গ্রেপ্তার করে। এ খবর ছড়িয়ে পড়লে নারী-পুরুষের একটি দল অন্ধকারে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পেছন দিক থেকে লাঠির আঘাতে দুই পুলিশ কর্মকর্তা মাটিতে পড়ে যান। এ সুযোগে হামলাকারীরা হাতকড়াসহ দিদারুলকে ছিনিয়ে নিয়ে যান।

পুলিশ জানায়, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিদারুল। এ ছাড়া বৃহস্পতিবার ঘোষিত লকডাউন ঘিরে নাশকতার পরিকল্পনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য পুলিশের কাছে ছিল। মঙ্গলবার রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে থানায় নেওয়ার আগেই তাঁকে ছিনিয়ে নেওয়া হয়।

আহত এসআই মোহাম্মদ আনোয়ার বলেন, দিদারুলকে গ্রেপ্তারের পর তাঁর পরিবারের সদস্যসহ ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। পেছন থেকে লাঠির আঘাতে তিনি মাটিতে পড়ে যান। এ সময় এএসআই বোরহান উদ্দিনও আহত হন। পরে হামলাকারীরা দিদারুলকে ছিনিয়ে নিয়ে যান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা