November 13, 2026, 4:35 pm

ক্ষমতা ছাড়ার আগে আরেকটি দেশে হামলা করতে চান ট্রাম্প

প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে কিউবার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কূটনৈতিক আলোচনা থেকে সরে আসার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর তার প্রশাসনের অবস্থানে এ পরিবর্তন এসেছে।
‘দ্য হিউ হিউইট শো’তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ক্ষমতা ছাড়ার আগে তিনি কিউবার বিষয়টি মিটিয়ে ফেলতে চান। এ উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগ্রহী হবেন বলেও মনে করেন তিনি। রুবিওর বাবা-মা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন।
কিউবাকে স্বাধীন করতে সামরিক শক্তি প্রয়োগের নির্দেশ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মেয়াদ শেষ হওয়ার আগে তিনি কিউবার বিষয়টি সমাধান করতে চান। তার ভাষ্য, কিউবা নিয়ে কাজ করার মতো একজন দক্ষ ব্যক্তি তার প্রশাসনে রয়েছেন, তিনি মার্কো রুবিও। রুবিওর পারিবারিক শিকড় কিউবায় হওয়ায় এ বিষয়ে তার আগ্রহ থাকবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
কিউবাকে ‘ব্যর্থ’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দেশটির পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ফ্লোরিডার কিউবান-আমেরিকান ভোটারদের মধ্যে অতীতে পাওয়া সমর্থনের কথাও তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেন, ফ্লোরিডায় কিউবান ভোটের ৯৪ শতাংশ তিনি পেয়েছিলেন। তার দাবি, এখন তিনি আগের চেয়েও বেশি জনপ্রিয়। কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসা এবং সেখানে দুর্ব্যবহারের শিকার হওয়া মানুষদের জন্যও তিনি এ পদক্ষেপ নিতে চান।
সাক্ষাৎকারে উপস্থাপক হিউ হিউইট জানতে চান, কিউবায় এক সপ্তাহের সংক্ষিপ্ত সামরিক অভিযান চালানোর অনুমোদন দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, তিনি এমন পদক্ষেপ বিবেচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ধারাবাহিক পোস্টে তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা বন্ধ করে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা অঙ্গরাজ্য ও শহরগুলোতে কথিত নির্বাচনী জালিয়াতির অভিযোগ তদন্তে মনোযোগ দিতে নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। তার দাবি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে শত শত কোটি ডলার এবং হরমুজ প্রণালি পেয়েছে।
ট্রাম্পের এ ঘোষণার পর নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে অ্যাক্সিওস। এর প্রভাবে তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে দরপতন হয়েছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে।
ভ্যান্সের জন্য এ সিদ্ধান্ত ছিল আকস্মিক। কয়েক মাস ধরে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আলোচক দলগুলোর নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। কয়েক দিন আগেও ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করছিলেন ভাইস প্রেসিডেন্ট। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার প্যারিসে জি-৭ সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের রুবিও জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা পুনরায় শুরু করা কিংবা কূটনৈতিক সমঝোতার চেষ্টা না করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর পরিবর্তে ইরান সরকারকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার পথ বেছে নিয়েছেন তিনি। ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্র বারবার প্রত্যাখ্যান করেছে। রুবিও ওই প্রস্তাবকে ‘আপত্তিকর, হাস্যকর এবং বাস্তবসম্মত নয়’ বলে মন্তব্য করেন।

এর আগে সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’। কাতার ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত হুমকি দেওয়া হামলা বন্ধ রাখবে বলেও জানান তিনি। তবে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ অব্যাহত রাখার পক্ষে অবস্থান জানান।

এদিকে সংঘাতের নিম্নমাত্রার হামলাও বন্ধ হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উপসাগরে দেশটির একটি তেলবাহী ট্যাংকারে হামলার পর চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে হামলা চালিয়েছে।

যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধি, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ওই নির্বাচনে দলটি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে। নির্বাচনের ফল নিয়ে যুদ্ধের রাজনৈতিক প্রভাব সম্পর্কে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে ভিন্নমত জানিয়েছিলেন ভ্যান্স।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স লিখেছিলেন, যুদ্ধের কারণেই নির্বাচনে দলটি হেরেছে। আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোর বিনিময়ে যুদ্ধ চালিয়ে যাওয়াকে কেউ যৌক্তিক মনে করলে সেই অবস্থান প্রকাশ করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। তবে কেন দলটি হেরেছে, তা সবার জানা বলে উল্লেখ করেন ভ্যান্স।

অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতেন না বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা