জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রতিষ্ঠানটিকে দুটি পৃথক ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিগগিরই এ উদ্যোগ আইনি ভিত্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে শুল্ক ও কর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
এ সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমির খসরু বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। এর ইতিবাচক প্রভাব অদূর ভবিষ্যতে অর্থনীতিতে দৃশ্যমান হবে। পাশাপাশি মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও রাজস্ব আয়ে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৪ শতাংশের বেশি এবং শুল্ক খাতে প্রায় ১৪ শতাংশ। তবে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি কিছুটা কম রয়েছে। প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নিয়ম পুনর্বহালের ফলে এ খাতে রাজস্ব আদায় বাড়বে বলে আশা করছেন তিনি। প্রথম প্রান্তিকের তুলনায় পরবর্তী তিন প্রান্তিকে রাজস্ব আদায়ের গতি বাড়বে বলেও জানান মন্ত্রী।
জনগণের করের অর্থ ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহি ও কার্যকারিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রতিটি প্রকল্প ও বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য মুনাফা, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয় বিবেচনা করা হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা ও হিসাব-নিকাশ ছাড়া কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটি সরকারের বৃহত্তর অর্থনৈতিক কর্মসূচির অংশ। এ কর্মসূচির আওতায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় সংস্থার সঙ্গে কার্যক্রম চলছে। এ ছাড়া বন্ড ও অন্যান্য উৎস থেকেও অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি জানান, আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি কার্যদল কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে অগ্রগতি ও সুনির্দিষ্ট রূপরেখা চূড়ান্ত হতে পারে। ঋণ বা সহায়তা পাওয়ার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই বলে জানান তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা হবে। এর সুফল শেষ পর্যন্ত দেশের জনগণ ভোগ করবে।