November 10, 2026, 6:19 pm

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ লক্ষ্যে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, টহল ও তল্লাশি জোরদার করতে বলেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন আইজিপি। এতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, সব মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিরা ভার্চুয়ালি অংশ নেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন পুলিশপ্রধান। দুষ্কৃতকারীদের শনাক্ত করে পেশাদারত্বের সঙ্গে আইনের আওতায় আনার নির্দেশনাও দেন তিনি।
তবে আইনশৃঙ্খলা রক্ষার অভিযানে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। পাশাপাশি গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা