November 10, 2026, 4:25 pm

ফ্যাসিবাদ ফেরানোর ষড়যন্ত্র প্রতিহতের শক্তি চেয়ে সংসদে মোনাজাত

বিতাড়িত ফ্যাসিবাদকে পুনরায় ফিরিয়ে আনার যেকোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার শক্তি ও সক্ষমতা চেয়ে জাতীয় সংসদে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনায় সংসদ ও সরকারকে সক্ষমতা দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে প্রয়াত সাবেক সংসদ সদস্যদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণের পর এ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। পরে তিনি শোকপ্রস্তাব উত্থাপন করেন।

মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিতাড়িত করার তৌফিক দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তা প্রতিহত করার শক্তি ও সামর্থ্য কামনা করছি। রাষ্ট্র ও সংসদ নিয়ে জনগণের প্রত্যাশার পরিপন্থী কোনো পদক্ষেপ নেওয়া হলে তা প্রতিহত করার তৌফিকও প্রার্থনা করেন তিনি।

শোকপ্রস্তাবে যেসব সাবেক সংসদ সদস্য, গণপরিষদ সদস্য ও প্রয়াত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রতিমন্ত্রী। তাঁদের জীবদ্দশার জানা-অজানা ভুলত্রুটি ক্ষমা করে অসীম রহমতে পুরস্কৃত করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।

মোনাজাতে ১৯৭৫ সালের নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব-পরবর্তী জাতীয় সংহতি দিবসের প্রসঙ্গও তুলে ধরেন শামীম কায়সার লিংকন। তিনি বলেন, সে সময় দিশাহারা জাতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের ওপর আস্থা স্থাপন করেছিল। পরবর্তী সময়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সংকট থেকে উত্তরণের চেষ্টা করেন। বহুদলীয় গণতন্ত্রের আদর্শ ধারণ করে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন অতিবাহিত করেছেন উল্লেখ করে তাঁর পরকালীন শান্তি ও সর্বোচ্চ মর্যাদা কামনা করেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী ও সরকারের সাফল্য কামনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যায়বিচারভিত্তিক এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও নীতির আলোকে রাষ্ট্র গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে তাঁকে আরও দৃঢ়তা, নিষ্ঠা ও সক্ষমতা দান করুন মহান আল্লাহ। জনগণের আস্থার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে প্রধানমন্ত্রী ও সরকারকে তৌফিক দেওয়ার জন্যও প্রার্থনা করেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা