পোশাকশিল্পে চলমান অস্থিরতা, ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব ঘটনার পেছনে ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহলের ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। কোনো মালিক বা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তার বিশ্বাস, কোনো শ্রমিকই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে চান না।
তিনি আরও বলেন, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যখন নতুন সম্ভাবনা তৈরি হওয়ার কথা, তখন এ পরিস্থিতি সৃষ্টির পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ অবস্থায় পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির।