খুলনা প্রতিনিধি: খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনায় এসি, ফ্যান, ব্যাটারি, আসবাবসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত ছাড়া আগুনের প্রকৃত কারণ বলা সম্ভব নয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আগুনে পুড়ে যাওয়া সরঞ্জামের পরিমাণ ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে।
খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। ওই কক্ষে বিভিন্ন উপজেলার আইসিটি বিভাগের সার্ভার রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।