পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি বাজারে নারিকেল ও গুড় কেনার ধুম পড়েছে। পূজা যতই ঘনিয়ে আসছে ততই পরিবারের ছোট-বড়দের নতুন জামা-কাপড় কেনার পাশাপাশি নাড়ু ও মোয়া বানানোর জন্য নারিকেল-গুড় কেনার হিড়িক পড়েছে।
সরেজমিনে, পাঁচবিবি বাজারে দেখা যায়, ব্যবসায়ী মোঃ ফরহাদ খন্দকার জনি নারিকেলের পসরা সাজিয়ে বসে আছেন। তার দোকানের চারপাশে থরে থরে সাজানো রয়েছে ছোট বড় সবধরনের নারিকেল।
ফরহাদ খন্দকার বলেন, “গত বছরের তুলনায় এবছর নারিকেলের দাম অনেক কম। গত বছর এক জোড়া নারিকেল ২১০ থেকে ২৮৯ টাকা বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৪০ টাকায়। পূজার আরো কয়েকদিন বাকি আছে, শেষে বেচাকেনা আরও বাড়বে।
উপজেলার ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান আদিবাসী পল্লীর মারিয়া সরেন পাঁচবিবি বাজারে নারিকেল কিনতে এসেছেন। তিনি বলেন, “গত বছর পূজায় বাড়িতে মানুষ বেশি থাকায় ৪ টা নারিকেল কিনেছিলাম, এবার ২ পিস কিনলাম। গতবারের চেয়ে নারিকেলের দাম কম হলেও গুড়ের দাম বেড়েছে।
বাগজানা ইউনিয়নের চকশমসের হিন্দু পাড়ার কার্তিক চন্দ্র বলেন, তিনি দুর্গাপূজায় নাড়ু ও মোয়া বানানোর জন্য ৬ পিস বড় বড় নারিকেল ও গুড় কিনেছেন। গতবারের চেয়ে এবার নারিকেলের দাম অনেক কম জানায়।
ফরহাদ সহ অন্যান্য দোকানিরা জানান, গতবারের চেয়ে নারিকেলের দাম কমলেও গুড়ের দাম স্বাভাবিক রয়েছে।