প্রতিনিধি :
শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহ আব্দুল্লাহ আল-মামুন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হাসানুল বান্না উপজেলা আইসিটি কর্মকর্তা মোছা. তসলিমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মো. মোহসীন আলী এবং ল্যাম্ব, SAY-SRHR প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মানি কৃষ্ণ রায়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী বলেন, কন্যাশিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারলেই একটি উন্নত জাতি গঠন সম্ভব। এজন্য বাল্যবিবাহ রোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।