November 6, 2026, 4:24 am

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

দেশের ডিজিটাল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

দুপুর আড়াইটার দিকে তাঁর মরদেহ ওল্ড ডিওএইচএস খেলার মাঠে নেওয়া হলে বন্ধু, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানান। এর আগে বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন থেকে তাঁর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে। পরে বাসায় নেওয়া হলে পরিবারের সদস্যরা তাঁকে শেষবারের মতো দেখেন।

গত ৮ অক্টোবর লন্ডনের ব্রিকলেইন মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। তাঁকে সেন্ট বার্থোলোমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশে ইন্টারনেটভিত্তিক সংবাদসেবা ও অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তৌফিক ইমরোজ খালিদী। তাঁর নেতৃত্বে ২০০৬ সালের ২৩ অক্টোবর ২৪ ঘণ্টার সংবাদসেবা হিসেবে যাত্রা শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এর মধ্য দিয়ে দেশে অনলাইনভিত্তিক ২৪ ঘণ্টার সংবাদমাধ্যমের নতুন অধ্যায় সূচিত হয়।

১৯৮৯ সালে সাংবাদিকতা শুরু করেন তৌফিক ইমরোজ খালিদী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষে তিনি সানডে এক্সপ্রেসে যোগ দেন। পরবর্তী সময়ে দ্য ডেইলি স্টার ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন। তিন দশকের বেশি সময়ের সাংবাদিকতা জীবনে দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা