October 5, 2026, 2:52 pm

সাংবাদিকরা তিন দফা দাবি জানিয়েছেন। ছবি: সংগৃহীত

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: তিন দফা দাবি, মামলা করার আশ্বাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিন দফা দাবি জানিয়েছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। রোববার (৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষের কক্ষে এক জরুরি সভায় এসব দাবি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সাংবাদিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে হামলায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা এবং সোমবার বেলা ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করা। পাশাপাশি অভিযুক্তদের মধ্যে যাদের ছাত্রত্ব রয়েছে, তাদের ছাত্রত্ব বাতিল এবং পড়াশোনা শেষ করা ব্যক্তিদের সনদ বাতিলের দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, এমন অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবিও রয়েছে।

এ ছাড়া মামলা করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত রাতের মধ্যেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের দাবি জানান সাংবাদিকরা।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সোমবারের মধ্যে মামলা করার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের এই আশ্বাসের পর রোববার রাতের মতো কর্মসূচি থেকে সরে যান বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সাংবাদিকরা কর্মসূচি পালন করেন।

হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা