September 27, 2026, 12:58 pm

ভারতীয় কসমেটিকস জব্দ

বকশীগঞ্জ সীমান্তে ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

মোহাম্মদ আসাদ,নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাতানীপাড়া ইউনিয়নের দিগলকোনা এলাকায় এ অভিযান চালানো হয়। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন সাতানীপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দিগলকোনা এলাকায় অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল।

অভিযানে সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামের একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৬৭ পিস ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, জব্দ করা কসমেটিকস পণ্যের বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা