রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিলের চেষ্টার ঘটনার পর এবার গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. সারোয়ার হোসাইনকে বদলি করা হয়েছে।
শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে তাকে গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়। একই আদেশে গোয়েন্দা বিভাগের এডিসি মো. আমিনুল হক বাপ্পীকে গুলশান বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের এডিসি মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনে এবং মিরপুর বিভাগের এডিসি ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে গত বুধবার কয়েক ঘণ্টার ব্যবধানে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এবং গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়।
গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ সময় হাতবোমা বিস্ফোরণ এবং পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই দিন দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল ছোড়েন। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত মোট ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।