November 5, 2026, 4:42 pm

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। ছবি: সংগৃহীত

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা শুরু হয়েছে। সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ১৬ প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা। আর সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৭২ কোটি ৪৭ লাখ টাকা। এসব প্রকল্পের মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত।

সবচেয়ে বড় প্রকল্প মেট্রোরেল লাইন-৫

একনেকে উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) সাউদার্ন রুট’-এ। প্রকল্পটির মোট ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা।

এর মধ্যে সরকারি অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।

রেল খাতে দুটি প্রকল্প

রেল যোগাযোগের উন্নয়নে দুটি প্রকল্পও একনেকের এজেন্ডায় রয়েছে। বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনীতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৬৭ কোটি ৪২ লাখ টাকা। মূল প্রকল্পে এর ব্যয় ছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা।

এ ছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু করতে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

স্বাস্থ্য ও সড়ক খাতে একাধিক প্রকল্প

স্বাস্থ্য খাতের দুটি প্রকল্পে বড় অঙ্কের অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে। ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৯ কোটি ৬ লাখ টাকা। স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যয় হবে ৩৯৬ কোটি ৮১ লাখ টাকা।

সড়ক খাতের দুটি প্রকল্পে যথাক্রমে ৯৪৩ কোটি ৮৭ লাখ এবং ১ হাজার ৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

প্রতিরক্ষা ও পানিসম্পদ খাতেও প্রকল্প

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায়ের কাজে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকা এবং খুলনা নৌ অঞ্চলে অবকাঠামো নির্মাণে ৩৭৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২-এ ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ টাকা এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পে যথাক্রমে ৭৫১ কোটি ৭৭ লাখ ও ৬০৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

একনেকের এজেন্ডায় খুলনা পয়ঃনিষ্কাশন, মনপুরায় বিদ্যুৎ বিতরণ এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত তিনটি সংশোধিত প্রকল্পও রয়েছে। পাশাপাশি তৈরি পোশাক ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়নে নতুন একটি প্রকল্পে ৮৯ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৫টি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারের এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় একনেক সভা। এর আগে গত ১৩ মে একনেকের সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকা ব্যয়ে নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। এবার প্রস্তাবিত ১৬টি প্রকল্প অনুমোদন পেলে অর্থের পরিমাণের হিসাবে এটিই হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় একনেক সভা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা