September 15, 2026, 3:17 pm

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ফজরের পর অল্প লোক নিয়ে মিছিল করে আওয়ামী লীগ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মাঝে অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও তৈরি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফজরের নামাজের পর এসব মিছিল করা হচ্ছে এবং এর কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণ করা হচ্ছে। এমন কিছু মিছিলের দৃশ্যও দৃশ্যমান হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করছে।

গুলশানে দিনের বেলায় মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ওই বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার পুলিশ হয়তো ধারণা করতে পারেনি যে, ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এ ধরনের কর্মকাণ্ড করতে পারে।

গুলশানের ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটাকে ব্যর্থতা বলার কোনো সুযোগ নাই। আমরা পরবর্তীতে ব্যবস্থা নিয়েছি, সেটা আপনারা জানেন।’

এদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় প্রয়োজন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যে সম্ভাব্য নির্বাচনী সূচি প্রকাশ করেছে, সেটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। ওই সভার মতামতের ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তাই সে পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা