রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় রিভলবার, চার রাউন্ড গুলি এবং ডাকাতির টাকার মধ্যে ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তানভীর আবেদীন ওরফে জুই (৪১), মো. মজিবুর রহমান (৬০), মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০), মো. সোলায়মান মৃধা (৫৫), মোহাম্মদ কবির হোসেন (৫০), আবুল কালাম আজাদ (৫০), মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০) এবং সজল চৌধুরী (৩১)।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট দুপুর ২টার দিকে ধানমন্ডি ১২/এ নম্বর সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে মো. খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয় ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল।
ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তানভীর আবেদীন ও মজিবুর রহমানকে আটক করা হয়। তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়।
পরে আটক মজিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারদের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের আরও পাঁচ সদস্য সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, জাকারিয়া হোসেন ওরফে লেলিন এবং সজল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে জাকারিয়া হোসেন ওরফে লেলিনের কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত পলাতক ও অজ্ঞাতনামা সদস্যদের গ্রেপ্তার এবং বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।