ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, যতদিন না তারা পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, ততদিন তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) নয়াদিল্লির মাভলঙ্কর হলে ‘রচনাত্মক কংগ্রেস’-এর জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন রাহুল। এ সময় তিনি মোদি সরকারের বিদেশনীতি, আরএসএসের ভূমিকা এবং দেশের তরুণদের সাম্প্রতিক আন্দোলন নিয়ে সমালোচনা করেন।
রাহুল গান্ধী দাবি করেন, যন্তর মন্তরে সাম্প্রতিক ছাত্র ও তরুণদের আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ প্রথমবারের মতো প্রকাশ্যে নিজেদের ক্ষোভ ও মতামত তুলে ধরেছে। তিনি বলেন, এই আন্দোলন দেখে মোদি ও শাহ আতঙ্কিত হয়েছেন।
তিনি অমিত শাহকে নিয়ে কটাক্ষ করে বলেন, একসময় শাহকে ‘চাণক্য’ হিসেবে তুলে ধরা হতো, কিন্তু বর্তমানে তিনি সংসদে প্রায় ২০ দিন উপস্থিত হতে পারেননি।
মোদি সরকারের বিদেশনীতি নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছেন, কিন্তু সেই সম্পর্কের বাস্তব ফল কী, সেটিই বড় প্রশ্ন।
রাহুলের বক্তব্যের পর বিজেপি দলের পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদের বর্ষা অধিবেশন শেষ হলেও বিজেপি ও কংগ্রেসের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।