শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে। স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পরও দেশকে বারবার শেকল পরানো হয়েছে। ভবিষ্যতে রাষ্ট্রকে শেকল পরাতে না পারে, সে লক্ষ্যে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে।
জহির উদ্দিন স্বপন অতীতের আন্দোলনগুলোর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের গুণগত পার্থক্যের কথা তুলে ধরে বলেন, ‘অতীতে আন্দোলন কেবল অন্যায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া ছিল, কিন্তু এবার আমরা দেশ গড়ার পরিকল্পনা করেছি।’ তিনি আরও জানান, রাষ্ট্র কাঠামো ও রাজনীতি মেরামতের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনায় ২৩ জন লেখক লিখেছেন। বইটির লেখা ও আলোকচিত্রগুলো জুলাইয়ের ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যে সংকলিত হয়েছে। ভবিষ্যতে জুলাইকে কেন্দ্র করে আরও প্রকাশনা, তথ্যচিত্র ও রিলস প্রকাশ করা হবে।